শীতের রাতের হিমেল হাওয়া বইছে শহরজুড়ে। সেই শীতল বাতাসে প্রিয়ন্তীর কপালের সামনের ছোট ছোট চুলগুলো অল্প অল্প উড়ছে। তার থেকেও ভয়ংকর ঝড়ো হাওয়া বইছে অন্তরে। সেই ঝড়ে উথাল-পাতাল হচ্ছে তার তনু-মন। আয়মানের প্রত্যেক স্পর্শে শিহরণ বইছে শরীরের প্রত্যেক শিরা-উপশিরায়। সে নিষ্পলক চেয়ে রইলো আয়মানের গম্ভীর মুখশ্রী পানে।
আয়মান রক্ত পরিষ্কার শেষে হাতের উপর থেকে মনোযোগ সরিয়ে চাইল প্রিয়ন্তীর দিকে। ওকে এইভাবে পলকহীন চেয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করলো,
"কি হলো? এভাবে কি দেখছো?"
চমকে উঠে প্রিয়ন্তী সহসা চোখ নামিয়ে নিলো। বেহায়া নজরে এইভাবে তাকিয়ে থাকার দরুণ ভীষণ লজ্জায় লাল হয়ে গেলো। দৃষ্টি অন্যদিকে সরিয়ে এলোমেলো পল্লব ঝাঁপটে বলল,
"কিছু না।"
আয়মান কপালে কিঞ্চিৎ কুঁচকে বলল,
"কিছু না? আমি এতগুলো কথা বললাম আর তোমার বলার কিছুই নেই? এত শান্ত-শিষ্ট কবে থেকে হলে তুমি? মুখের মেশিন কি কোনোভাবে হ্যাং করেছে নাকি যে কথা বের হচ্ছে না?"
প্রিয়ন্তী গাল ফুলিয়ে বলল,
"আপনার দেখি সবদিকেই সমস্যা। আমি কথা বললেও সমস্যা আবার না বললেও সমস্যা। তাহলে কি করবো আমি?"
আয়মান বলল,
"বেশি কথা বললে তো সমস্যা হবেই। তাই বলে যে গুরুত্বপূর্ণ কথার সময়ও চুপ থাকবে, সেটা তো ভালো না!"
প্রিয়ন্তী মাথা নিচু করে বলল,
"তাহলে কি বলবো?"
হঠাৎ সন্ধ্যার নড়াচড়াও আয়মান বিষ্ফারিত নেত্রে ওইদিকে তাকালো। এই মুহুর্তে উঠে যদি ওদেরকে একসাথে দেখে তাহলে মহা কাহিনি করে ফেলবে। কিন্তু না, তার মধ্যে উঠার কোনো লক্ষ্মণ নেই। সে পাশ ফিরে আবারও স্থির হয়ে গেলো। আয়মানও সস্থির নিশ্বাস ফেলে প্রিয়ন্তীর দিক তাকালো। নিচু স্বরে বলল,
"ওইসময় যে তোমাকে এত কথা শুনালাম, কই কিছু তো জিজ্ঞেস করলে না!"
প্রিয়ন্তী কিছুক্ষণ ভেবে বলল,
"ঠিক। আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত। যখন আপনি বিশ্বাস করেছিলেন যে আমি আপনাকে মারতে চাই নি, তাহলে নাতাশার সামনে আমাকে ওগুলো বললেন কেনও?"
আয়মান বলল,
"কারণ ওইসময় আমি তোমার পক্ষ নিলে নাতাশার তোমার সাথে কিছু করে ফেলতে পারতো! আর আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই নি।"
প্রিয়ন্তী বুঝে ফেলল আয়মানের কথার মানে। তাই এই বিষয় নিয়ে আর কথা বাড়ালো না। জিজ্ঞেস করলো,
"আচ্ছা। সেটা না হয় বুঝলাম। কিন্তু এটা বুঝলাম না, নাতাশা আপনাকে মারতে রুমে আপনার রুমে ঢুকলো কিভাবে? সে তো আর আপনার বউ না, যে আপনার রুমেই থাকবে।"
শেষের কথাটায় কেমন অভিমান ধরা পড়লো আয়মানের কাছে। সে বলল,
"আমার রুমের লক নষ্ট ছিলো। দরজা খোলা পেয়ে নাতাশা রুমে ঢুকেছে।"
এরপর প্রিয়ন্তী আর কোনো প্রশ্ন করলো না। শুধু এক নজরে চেয়ে রইলো আয়মানের হাতের দিকে। যেটা খুব যত্নের সাথে ওর হাতে ব্যান্ডেজ করছে। ব্যান্ডেজ শেষে আয়মান চোখ তুলে চাইল ওর দিকে। প্রিয়ন্তীর পলকহীন চোখে চোখ মিলিয়ে প্রথমবারের মতো নিজ দৃষ্টির স্বকীয়তা খোঁয়ালো আয়মান। নিস্তব্ধতায় কেটে গেলো কিছুটা সময়। কারো মুখে কোনো কথা নেই। শুধুমাত্র চোখে চোখ রেখে একে অপরকে অনুভব করতে ব্যস্ত। ভীষণরকম ব্যস্ত!
বাহিরে বাতাসের প্রকোপ বাড়তেই সেটা ঘরেও প্রবেশ করলো। শীতলতার স্পর্শ পেয়ে হুশে এসে নড়ে-চড়ে বসলো প্রিয়ন্তী। এতক্ষণ দুজন দুজনের চোখে তাকিয়ে দিন-দুনিয়া ভুলে বসেছিলো। কথাটা ভেবেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেলো।
তৎক্ষণাৎ আয়মানও উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। এমন একটা ভাব করলো যেনও এতক্ষণ কিছুই হয় নি। বেশ স্বাভাবিকভাবে বলল,
"অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়ো। আর দরজাটা লাগিয়ে দিও, নাতাশা বাদে অন্য কারো শব্দ পেলে তবেই খুলবে। ঠিক আছে?"
প্রিয়ন্তী মাথা নিচু করেই সায় জানালো। অত:পর আয়মান বেরিয়ে গেলো রুম ছেড়ে। আয়মান বেরিয়ে যাওয়ার পর প্রিয়ন্তী উঠে গিয়ে দরজাটা লাগিয়ে দিলো। ফিরে এসে দেখলো সন্ধ্যা আসলেই ঘুমাচ্ছে কি না? যখন দেখলো ও আসলেই ঘুমে বুঁদ তখন নিশ্চিন্তে শ্বাস ফেলল প্রিয়ন্তী। এমনিতেও সন্ধ্যার ঘুম বেশ গভীর। ঘুমালে আর দিন দুনিয়ার হুশ থাকে না। আর ওরাও খুব আস্তে আস্তে কথা বলেছে, যেনও সন্ধ্যা টের না পায়।
********
রাতে নাতাশাকে সায়মাদের রুমে রেখে যাওয়ার পর নাতাশার আর ঘুম হয় নি। ওরা দু'জন ওকে ঘুমাতেই দেয় নি। রাত জাগিয়ে বিনা কারণে বকবক করেছে। সারারাত না ঘুমিয়ে ভোরবেলায় ঘুমে ঢুলে পড়লো নাতাশা। নিজের চোখকে আর কোনোভাবেই খোলা রাখতে পারছিলো না। শেষমেশ ওদের কথায় কোনো পাত্তা না দিয়েই বিছানায় গা এলিয়ে দিলো ও। খানিক বাদেই ভেসে এলো গভীর নিশ্বাসের শব্দ।
সারা-সায়মা যখন বুঝলো নাতাশা গভীর ঘুমে তলিয়ে গেছে তখন তারাও বিছানা ছেড়ে নামলো। ঠিকঠাক ঘুম না হওয়ার দরুণ তাদেরও ক্লান্ত লাগছে। কিন্তু ঘুমানোর কোনো সুযোগ নেই। এই মুসিবতটাকে যতক্ষণ না বাড়ি থেকে বের করতে পারছে, ততক্ষণ শান্তির ঘুম হবে না।
বাহিরে ভোরের আলো ফুঁটতে শুরু করেছে। পশ্চিম গগনে সূর্য একটু একটু করে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। রাঙা আলোয় বিষন্ন রাত পার করে নতুন দিনের সূচনা করছে। সারা-সায়মা উঠে ফ্রেশ হয়ে নিলো। ফ্রেশ হওয়ার সময়টুকু তারা সবকিছু করেছে নি:শব্দে। যেনও কোনোভাবে নাতাশা না উঠে। ও উঠার আগেই সবার সাথে কথা বলতে হবে রাতের ঘটনাটা নিয়ে।
এমনিতে সবাই আটটায় নিচে নামলেও আজ সায়মার ডাকে ঘুম রেখে দ্রুত বিছানা ছেড়েছে। সাতটা নাগাদ সবাই হাজির আয়ানের রুমে। আলোচনা করার জন্য নিরাপদ ঘাঁটি এটাকেই মনে হয়েছে।
কিন্তু এখানে বড়দের কাউকে ডাকে নি। এত বড় ঝামেলাটার মধ্যে বড়রা কেউ পড়ুক, তারা তা চায় না। বিশেষ করে আয়মান তো চায়-ই না যে নাতাশা তাকে খুন করার চেষ্টা করেছে এটা কেউ জানুক। তাহলে তারা যেভাবে ঘটনার সমাধান করতে চাইছে তার কিছুই হবে না। উলটো মা, দাদি ওরা রেগে হিতাহিতজ্ঞান হারিয়ে উল্টোপাল্টা কিছু বলে দিলে কাহিনি ঘুরে যাবে।
সবাই এসে এক রুমে জমায়েত হওয়ার পর আয়ান জিজ্ঞেস করলো,
"ব্যাপার কি? আজ সকাল সকাল সবাই আমার রুমে হাজির হলি যে?"
সায়মা আশ-পাশ তাকিয়ে উত্তেজিত হয়ে বলল,
"সবাই তো হয় নি। প্রিয়ন্তী আর সন্ধ্যা এখনও বাকি আছে। ওদের ডেকে নিয়ে আসি।"
সায়মা যেতে চাইলে আয়মান বাঁধা দিলো ওকে। বলল,
"প্রিয়ন্তীকে ডাকার কোনো দরকার নেই। ও এমনিতেই কাল রাতে দেরি করে ঘুমিয়েছে। সকাল সকাল ওর ঘুম নষ্ট করিস না।"
আয়ান ভ্রু উঁচিয়ে তাকালো আয়মানের দিকে। অবাক হওয়ার ভান করে বলল,
"বাহ! আমার ভাই দেখি আজকাল কোনো একজনের ভীষণ খেয়াল রাখতে শুরু করেছে।"
আয়ান যে ওকে খোঁচা মেরেই কথাটা বলল, এটা বেশ বুঝেছে আয়মান৷ তবুও তার ভাবের পরিবর্তন দেখা গেলো না। নিরুদ্বেগ ভঙ্গিতে উত্তর দিলো,
"ও যদি আমার খেয়াল রাখতে পারে তো আমি কেনও রাখবো না?"
এই কথা শুনে অবাক বিস্ময়ে সবাই একে-অপরকে দেখে গেলো। ব্যতিক্রম শুধু সারা। তার ক্ষেত্রে বিস্ময়ের পরিমানটা যেনও বেশিই ছিলো। সাথে সাথে খুক খুক করে কেঁশে উঠলো। মাত্রই পানি মুখে দিয়েছিলো। কাশির দমকে সেই পানি ছিঁটকে পড়লো মেঝেতে।
সবার প্রতিক্রিয়া দেখে এইবার বিরক্তির চিহ্ন ফুটে উঠলো আয়মানের চেহারায়। বিরক্তিতে নাক-মুখ কুঁচকে বলল,
"সমস্যা কি? এইভাবে রিয়েক্ট করার কি হলো? আমি তো শুধু ওকে ঘুম থেকে উঠাতে না করলাম। এজন্য এইভাবে আমাকে দেখার কি হলো? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি আজ সকাল সকাল মঙ্গল গ্রহ থেকে এই বাড়িতে এসেছি?"
আয়ান একইভাবে চেয়ে আছে ওর দিকে। কোনোরূপ পরিবর্তন দেখা গেলো না চেহারায়। বলল,
"একদিনেই এত পরিবর্তন? তুই দেখি মহা পল্টিবাজ বের হলি!"
প্রিয়া দুষ্টুমি করে বলল,
"কেউ একজন ঠিকই বলেছিলো। বড়রা যা করে, ছোটরাও তাদের দেখে তাই করে। মানে, বড় ভাই যে পথে চলে সেই পথের নিশানাই ছোট ভাই অনুসরণ করে। বাহ!"
আয়মান অধরকোণে হাসি ফুটিয়ে বলল,
"এই না হলো আমার ভাবি! ভাইয়া, তুমি আমাকে খোঁচা মেরেছো। আর ভাবি তোমাকে মেরেছে। হিসাব বরাবর। তাই আর কিছু বললাম না আমি!"
আয়ান প্রিয়ার কানের কাছে বিড়বিড় করে বলল,
"তুমি ওর সাপোর্ট নিলে কেনও?"
প্রিয়াও একইভাবে নিম্মস্বরে জবাব দিলো,
"প্রিয়ন্তী আমার ছোট বোনের মতো। আর আমার দেবর যদি ওর এত কেয়ার করে, তাহলে আমি অবশ্যই খুশিই হবো। তাই না?"
আয়ান বলল,
"তাহলে আপনার কি মনে হচ্ছে? আমি কি বিষয়টা নিয়ে খুশি না?"
সায়মা ওদেরকে বিড়বিড় করতে দেখে গলা খ্যাঁকাড়ি দিয়ে বলল,
"সকাল সকাল এসেছিলাম গুরুত্বপূর্ণ কথা বলতে। সবার ভালোবাসা দেখতে না।"
প্রিয়া আয়ানকে উত্তর দিতে গিয়েও থেমে গেলো সায়মার কন্ঠস্বর পেয়ে। পরপর আয়ানের থেকে কিছুটা সরে এসে বলল,
"হ্যাঁ কি বলতে চাইছিলি বল।"
সায়মা বলল,
"কাল রাতে নাতাশা আয়মান ভাইয়াকে খু*ন করতে গিয়েছিলো!"
সাথে সাথে আয়ান ও প্রিয়ার দৃষ্টি নিক্ষেপিত হলো আয়মানের উপর৷ আয়ান বিষ্ফারিত নেত্রে আয়মানের দিকে তাকিয়ে বলল,
"ও যা বলছে সত্যি?"
আয়মান ঠোঁট কামড়ে উপর নিচ মাথা ঝাঁকালো। বলল,
"হ্যাঁ।"
প্রিয়া হতভম্ব হয়ে বলল,
"কিভাবে কি হলো? হাতে-নাতে ধরেছো ওকে? কিছু বলো নি? আমাদের ডাকলে না কেনও তখন?"
আয়মান মাথা উঁচু করে বলল,
"এত রাতে আপনাদের ঘুম নষ্ট করতে চাই নি।"
আয়ান ধীর পায়ে এগিয়ে গেলো আয়মানের দিকে। আলতো করে ওর গালে চড় মেরে ঝাঁড়ি দিলো,
"তোর জীবন থেকে কি আমাদের ঘুম বেশি গুরুত্বপূর্ণ ছিলো? গা*ধা কোথাকার! আমাদের ডাকলে কি হতো? ঘুম নষ্ট হলে কোনো ক্ষতি হতো না আমাদের। কিন্তু তোর কিছু হয়ে গেলে তখন কি হতো?"
সায়মা ফোঁড়ন কেটে বলল,
"ওর কিছু হবে কিভাবে? প্রিয়ন্তী ভাবি আছে না? কিছু হওয়ার আগেই বাঁচিয়ে ফেলেছে। আর তারপর আয়মান ভাইয়া তোমাদের ডাকতো? তখন তোমাদের ডাকলে যে ওদের একা একা কাটানোর মতো সময় পেত না।"
আয়মান ওকে ধমক দিয়ে বলল,
"চুপ করবি তুই? সবসময় উল্টোপাল্টা কথা। প্রিয়ন্তীর সাথে থেকে ওর অভ্যাসে ধরছে!"
আয়ান বলল,
"ওর কথা ছাড় আয়মান। আমার কথার উত্তর দে। প্রিয়ন্তী বাঁচিয়েছে তোকে? কিভাবে?"
আয়মান লুকালো না কিছুই। খুলে বলল সব। প্রিয়ন্তীর আঘাত পাওয়ার কথা শুনে প্রিয়া অস্থির হয়ে উঠলো ওর কাছে যাওয়ার জন্য। কিন্তু আয়ান থামিয়ে দিলো। বলল,
"রাতে আসলেই অনেক বড় বিপদ গিয়েছে ওদের উপর দিয়ে। এখন থাক, রেস্ট করুক।"
আয়মান তৎক্ষণাৎ বলল,
"হ্যাঁ। এই নাতাশার বিপদ শেষ করে, ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো ভাবি। আপনি চিন্তা করেন না।"
আয়ানও তাল মিলিয়ে বলল,
"হ্যাঁ! আমার ভাই থাকতে চিন্তা কিসের?"
একটু পর পর আয়ান খোঁচা মেরেই চলেছে। আর প্রত্যেকবারই বিরক্ত হচ্ছে আয়মান। এবারও তাকে রেগে যেতে দেখে বিস্তর হাসিতে মেতে উঠলো সবাই।
খানিক বাদেই আয়মান তেঁতে উঠে বলল,
"হাসি বন্ধ করো। এটা ভাবো নাতাশাকে দিয়ে কথা স্বীকার করাবো কিভাবে? ও তো কাল রাতে সুন্দরভাবে প্রিয়ন্তীর ঘাড়ে সব চাঁপিয়ে দিলো।"
তার কথায় হাসি বন্ধ করে সিরিয়াস হলো সবাই। আয়ান বলল,
"ওর উপর নজর রাখতে হবে। কাল ও তোকে খু*ন করার চেষ্টা করেছে। এটা কিন্তু স্বাভাবিক কিছু নয়। প্রথমত আমরা ভেবেছিলাম ও তোকে ভালোবাসে। তাই তোকে পাওয়াই ওর উদ্দেশ্য!"
আয়মান আয়ানের বাকি কথা সম্পূর্ণ করে বলল,
"এটা ওর উদ্দেশ্য না ভাইয়া। আমাকে পাওয়া ওর উদ্দেশ্য হলে ও কাল আমাকে খু*ন করতে চাইতো না। তার মানে ওর অন্য কোনো উদ্দেশ্য আছে।"
সায়মা বলল,
"আর এই উদ্দেশ্য ওর একার না। ওর সাথে আরও কেউ আছে আমি নিশ্চিত। একা একটা মেয়ে বিনা কারণে কেনও কাউকে খুন করতে চাইবে? একা একা এত বড় বিপদ কেউ-ই মাথায় নিতে চাইবে না। কেউ তো আছে এই গেমের মাস্টারমাইন্ড। যে পেছন থেকে ওকে অনুপ্রেরণা দিচ্ছে।"
আয়মান চিন্তিত ভঙ্গিতে বলল,
"ওদের এই গেমের শিকার ছিলাম আমি। কিন্তু দুর্ভাগ্যবশত না চাইতেই প্রিয়ন্তী এই গেমে জড়িয়ে গেছে। কাল আমার সাথে ওর এনগেজমেন্টটা না হলে হয়তো ও এই বিপদে পড়তো না।"
আয়ান ওর কাঁধে হাত রেখে বলল,
"তোর ভাগ্যে হয়তো প্রিয়ন্তীই লেখা ছিলো। এজন্যই হয়ে গেছে। এখন আমাদের হাতে তো কিছু নেই।"
আয়মান হতাশ হয়ে সোফায় বসে পড়লো। দু'হাত দিয়ে কপাল চেঁপে ধরে বলল,
"কিন্তু আমি চাই নি, ও আমার জন্য কোনো বিপদে পড়ুক। কাল রাতে ও আমাকে বাঁচাতে না গেলে নাতাশার রোষের স্বীকার হতো না। কেনও গেলো ও? এখন নাতাশার নজরে পড়ে গেছে। কখন কোন ক্ষতি করার চেষ্টা করবে সেই ঠিক আছে?"
আয়ান বলল,
"ও যদি তোকে বাঁচাতে না যেত তাহলে এখানে তুই বসে থাকতে পারতি না। নাতাশা তোকে শেষ করে ফেলতে পারতো। আর তারপর যদি প্রিয়ন্তীকেও মারতে চাইতো তো? এখন ও তোকে বাঁচিয়েছে তুই ওর খেয়াল রাখতে পারবি। আর যদি না বাঁচাতো, দুইজনই কি শেষ হতি না?"
আয়মান বলল,
"ভাইয়া, আমি ঘুণাক্ষরেও টের পাই নি নাতাশার মনে এত বড় ষড়যন্ত্র ছিলো। কাল রাতের আগ পর্যন্ত ভাবি নি, ভয়ংকরভাবে কারো গেমের শিকারে পরিনত হচ্ছি। এখন আমরা তো ফেঁসেছিই, সাথে প্রিয়ন্তীও ফেঁসেছে। ওকে কোনোভাবেই আর একা ছাড়া যাবে না। নাহলে নাতাশার অন্য সঙ্গীরা একা পেলেই ওরও ক্ষতি করতে পারে।"
প্রিয়া বলল,
"তুমি এত নিশ্চিত কিভাবে হচ্ছো যে ওরা প্রিয়ন্তীর ক্ষতি করবে? হতেও তো পারে তোমারই ক্ষতি করার চেষ্টা করছে।"
আয়মান বলল,
"হয়তো কাল রাতের আগ পর্যন্ত বলা যাচ্ছিলো নাতাশা প্রিয়ন্তীর ক্ষতি করবে না। কিন্তু এখন আমি এটা ভাবতে বাধ্য হচ্ছি, নাতাশা ওর ক্ষতি করার চেষ্টা করবে। কারণ আমি কাল নাতাশা ও প্রিয়ন্তী, দুইজনেরই কথা শুনেছি। প্রিয়ন্তী ওর কাজে বাঁধা দিয়েছে। নাতাশা এভাবে ওকে ছাড়বে না!"
আয়ান বলল,
"তোর সাথে জুড়েছে তো, তাই তোর সমস্যাগুলোর সাথেও ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। আমি তো এতটুকুই বলতে পারি, কাল রাতে ও যেভাবে লড়েছে। সবসময় তোর পাশে থেকে এভাবেই লড়বে!"
আয়মান আবারও আওড়ালো একই কথা,
"আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না!"
সায়মা বলল,
"ওকে ভাইয়া! প্রিয়ন্তীকে নিয়ে রিস্ক নেয়া লাগবে না। তুমি এটা বলো নাতাশার কি করবো?"
আয়ান বলল,
"নাতাশার আর কি করবো? ওকে এই বাড়িতে রেখেই নজরদারি করবো।"
সারা এই কথা শুনে অবাক হলো। ঝাঁঝালো কন্ঠে বলল,
"তোমার মাথা ঠিক আছে? ওকে এই বাড়িতে রাখলে অন্য কাউকে খুন করবে না সেই গ্যারান্টি আছে?"
আয়ান বলল,
"তোর কি মনে হয় আমি না বুঝেই বলেছি? আমি ভেবে-চিন্তেই বলেছি। ওকে এই বাড়িতে রেখে প্রত্যেক মুহুর্তে মুহুর্তে নজরে রাখবো। যেনও শান্তিমতো কারো সাথে ফোনে কথাও না বলতে পারে। বাড়িভর্তি মানুষ এই কাজটা পারবে না? তারপর কি হবে জানিস? ও বাধ্য হবে ওর গেমের সঙ্গীর সাথে বাইরে দেখা করতে যেতে। আর আমরা যাবো ওর পিছু পিছু। দেখতে তো হবে, এই গেমে আমাদের বিপক্ষে কে খেলছে! বিপক্ষদলের খেলোয়াড়দের না চিনলে এই জীবন-মর*ণ খেলায় বাজিমাত করবো কিভাবে?"