ওইদিকে একটু সরে বসুন তো দেখি।"
লিলির কথায় ভ্যাবাচেকা খেয়ে প্রশ্ন করল নেহাল, "কেন?"
"গল্প করব আপনার সাথে। একই ঘরে থাকছি, অথচ কেউ কাউকে চিনি না। তাই ভাবলাম আজ আড্ডা দেই।"
নেহাল এই সময়টার জন্যই মনে মনে যেন প্রতীক্ষার প্রহর গুনছিল। কিন্তু সাহস করে মুখ ফুটে বলতে পারছিল না। তবে আচমকা এই মেয়ের এতটা সুমতি কেন হলো সেটা ভেবে কিঞ্চিৎ আশঙ্কাও জন্মেছে।
তবুও নেহাল সরে বসে বিছানায় জায়গা করে দিলো। লিলি তড়িৎ বেগে পা গুটিয়ে বসতে বসতে বলল,
"আচ্ছা, চলেন আমরা একজন আরেকজনকে প্রশ্ন করি। পরস্পরকে দ্রুততম সময়ে জানার এটাই বেস্ট ওয়ে৷ আমি আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। আবার আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। ঠিক আছে?"
"আচ্ছা।"
"আগে আমার টার্ন। আপনি রেডি?"
নেহাল জানে না ওর জন্য কোন ধরনের প্রশ্নবাণ অপেক্ষা করছে। তবুও সে উত্তর দিল,
"রেডি।"
লিলি একটা বালিশ নিজের কোলের উপরে রাখল, এরপর তাতে কনুইয়ের ভর রাখল। এরপর হাতের তালুতে নিজের থুতনি ঠেকিয়ে অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল,
"গুড। আপনি গান গাইতে পারেন?"
"না"
"আবৃত্তি করতে পারেন?"
"না।"
"ক্রিকেট খেলেছেন কখনো? ফুটবল?"
"একসময় খেলতাম৷ ভার্সিটি লাইফের পরে আর সুযোগ হয়নি।"
"কবিতা লিখেছেন কখনো?"
"নাহ্!"
"মেয়েদের সাথে ফ্লার্ট করেছেন কতবার?"
একটু ভেবে নেহাল উত্তর দিল, "একবারও না।"
"সেটা অবশ্য আপনার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি। যে নিরামিষ লোক! আপনি তো দেখি কিছুই পারেন না! পারেনটা কী? শুধু ফ্যাচফ্যাচ করে কান্নাকাটি করতে? কমিউনিকেশন স্কিলও যাচ্ছেতাই।"
"আমি খুব ভালো কমিউনিকেট করতে পারি মানুষের সাথে। একজন ভালো কমিউনিকেটরের হিসেবে আমার রেপুটেশন আছে। আরেকটা কথা, আমি ফ্যাচফ্যাচ করে কাঁদি না কখনোই।"
"তার নমুনা তো নিজের চোখেই দেখলাম। ভালো কমিউনিকেটর হলে যা পারেন না বললেন, সেসব সোজা পারি না, না বলে এমনভাবে বলতেন যাতে মনে হতো না পারাটাই বুঝি বিশাল গুণের কাজ। এত নিরামিষভাবে কেউ কথা বলে? আচ্ছা, আপনি কি ভেজিটারিয়ান?"
"না।"
"যাক, একটা উত্তর তাও যুতসই হলো। এবার আমাকে প্রশ্ন করেন?"
"তুমি গান গাইতে পারো?"
"বি ক্রিয়েটিভ। আমার প্রশ্ন কপি করা চলবে না।"
"তুমি ইউটিউবে কন্টেন্ট বানাও দেখলাম। তাই না?"
"আরে, দারুণ একটা প্রশ্ন করেছেন তো। জানেন, আপনি প্রশ্ন না করলে আমি জানতেই পারতাম না, আমি ইউটিউবে হাবিজাবি কন্টেন্ট বানাই ফ্রেন্ডদের সাথে। বলি, এটা কোনো প্রশ্ন হলো?"
অপ্রস্তুত নেহাল কিছুক্ষণ ভেবে এরপর বলল, "আচ্ছা, ধরো, আমার সাথে বিয়ের আগে নিশ্চয়ই হাজব্যান্ড নিয়ে তোমার কিছু ফ্যান্টাসি ছিল! তোমার স্বপ্নের পুরুষের ছবিটা কেমন ছিল?"
"এই প্রশ্ন বিয়ের আগে করার দরকার ছিল।"
"আমি তোমাকে কল করেছিলাম। তুমি পাত্তা দাওনি।"
লিলি এটা নিয়ে আর ঘাটালো না। একটু ভাবুক হয়ে উত্তর দিল,
"তেমন কোনো ফ্যান্টাসি ছিল না। একটা বিষয় মাথায় কাজ করত, যাকে বিয়ে করব সে আমাকে শতভাগ বুঝতে পারবে। আমার কাজগুলোকে এপ্রিশিয়েট করবে। আমার খুব ভালো বন্ধু হবে। সেজন্য এরেঞ্জ ম্যারেজ আমার পছন্দ ছিল না। মনে হতো একটা প্রেম করব। ভালো আন্ডারস্ট্যান্ডিং হলে এরপর বিয়ে। সেজন্য জেনারেশন গ্যাপ থাকুক তেমন একদমই ভাবিনি।"
"বয়সে বড় হলেই কি সবসময় সমস্যা হয়?"
"হয় না বলছেন? আমি একটা রিলেশনশিপে ছিলাম অল্প কিছুদিন। যদিও ওয়ার্ক করেনি সেটা। এই যে অকপটে বললাম, আমার জেনারেশনে এটা খুব সহজভাবে নেবে অনেকেই। আপনি নিতে পারবেন? মনে হবে না, মেয়েটা কেমন যেন? হাজব্যান্ডের কাছে এভাবে নিজের পাস্ট এ্যাফেয়ারের গল্প শোনাচ্ছে?"
নেহালের কৌতূহল হলো সহসা, সেজন্যেই কি এই সম্পর্ক নিয়ে এত অনীহা লিলির? যার সাথে প্রেমের সম্পর্ক ছিল তাকে কি লিলি খুব ভালোবাসত? সে কি কেবলই একজন তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়েছে একেবারে অযাচিতভাবে! তবে এই প্রশ্ন করলে লিলি নিশ্চয়ই ওকে ভুল বুঝবে। ভাববে নিজের পৌরুষ দেখাচ্ছে। কিন্তু একদমই তা নয়।
ইতস্তত করে প্রশ্নটা করেই ফেলল নেহাল, "ওয়ার্ক করেনি কেন? আমার জন্য?"
"নাহ্! ওই ব্যাটা একটা ছ্যাবলা। প্রথমে বুঝিনি। তিন চারদিনের মধ্যে বুঝতে পারলাম, সপ্তাহ পুরার আগেই ব্রেকআপ।"
নেহাল খেয়াল করল একটা ভার বুক থেকে নেমে গেল যেন, ভীষণ স্বস্তি পেল।
"তাহলে আমার কোনো প্রবলেম হবার প্রশ্নটাই বা কেন আসছে? মানুষের পাস্ট থাকতেই পারে। বর্তমানে সেটা না থাকলে আমি কেন শুধু শুধু সেসব নিয়ে মাথা ঘামাব। তাছাড়া, বয়স বেশি হলেই যে সবসময় বন্ধুত্ব হবে না, তা তো নয়। সেটার জন্য বোঝাপড়া আর সদিচ্ছা প্রয়োজন বোধহয়, বয়স ব্যবধানের হিসাব করার ক্যালকুলেটর নয়।"
"বাহ্! বুলি ফুটেছে দেখছি। কথা তো অতটা খারাপ বলেন না। কিন্তু একটু ভুল আছে। রেজাল্ট খুব একটা ভালো না হলেও আমার মস্তিষ্ক কিন্তু ভীষণ শার্প। তাই এটুকু বয়সের পার্থক্যের বিয়োগ করতে আমার ক্যালকুলেটর লাগে না। আমাকে কি আপনার ব্রেইনলেস মনে হয়?"
"এখন আমার প্রশ্ন করার টার্ন ছিল যতদূর জানি।"
"ওকে, ওকে।"
"সম্পর্ক বলতে কি বুঝো?"
"সম্পর্ক তো অনেক রকম হয়। বাবা-মা, আত্মীয় পরিজন, প্রতিবেশি, বন্ধু…"
"না মানে…"
"প্রশ্ন হতে হবে স্পেসিফিক। আপনি অর্ধেক কথা মনে রেখে অর্ধেক ছুঁড়ে দেবেন, তাহলে তেমন উত্তরই পাবেন। বিয়ে এবং হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আমার কথা জানতে চাইছেন, অথচ বলতে পারছেন না। আমি কি বাঘ-ভাল্লুক নাকি শ্যাওড়া গাছের পেত্নী? প্রশ্ন করলে নিশ্চয়ই খেয়ে ফেলব না, তাই না।"
নেহাল চূড়ান্ত রকমের অপ্রতিভ হয়ে বেশ কয়েকবার কাশি দিয়ে নিজেকে লুকোবার বৃথা চেষ্টা করল। লাভ হলো না। মেয়েটার বয়স অল্প হলে কী হবে, সাক্ষাৎ একটা এ ট ম/ বো ম। প্রশ্নের বু ল ডো জা র ছুঁড়েই কুপোকাত করে ফেলতে পারার ক্ষমতা দারুণভাবে রপ্ত আছে।
লিলি এতটাই অকপট এবং স্পষ্টভাষী যে নেহাল নিজের ভবিতব্য নিয়ে চিন্তিত হলো।
"বুঝতে যখন পেরেছ, তখন উত্তর দিয়ে দাও।"
"আমি ভুল প্রশ্নের উত্তর দেই না। আগে কারেকশন করেন, তারপর উত্তরের আশা করবেন। নইলে এখন যেই ফরম্যাটে আছে সেটারই উত্তর পাবেন।"
"আচ্ছা করছি। আমাদের সম্পর্ক নিয়ে তোমার এখনকার ভাবনা কী?"
"এটার উত্তর দেবার সময় এখনো আসেনি।"
"লিলি, একটা কথা বলি?"
"বলুন।"
"তুমি কীভাবে নেবে জানি না। বিয়ে শুধু দুটো মানুষের মধ্যে হলেও তোমার মা, আমার পরিবার এর সাথে জুড়ে আছে। সবার জন্য, আমাদের নিজেদের জন্যও কি আরেকটু ভাবতে পারি না?"
লিলির প্রাণবন্ত মুখের হাসিটা মিলিয়ে গেল আচমকা। তবে মুহূর্তেই সামলে নিয়ে সপ্রতিভ ভঙ্গিতে সে বলল,
"ধৈর্য বলে একটা বস্তু আছে। আপনি আগে আমাকে ইমপ্রেস করেন। যদি সফল হন, তখন নাহয় ভেবে দেখা যাবে।"
"ইমপ্রেস করার জন্য কী কী করতে হবে?"
"সেটাও আমাকে বলে দিতে হবে? আপনি তো ভারি অদ্ভুত লোক। যাকে পটাতে চাইছেন, তার কাছেই টিপস চাইছেন? একটুখানি কমনসেন্স তো এপ্লাই করুন, ম্যান।"
নিজের বোকা বোকা প্রশ্নে নিজেই বিরক্ত হলো নেহাল। এই মেয়ে বলে কয়ে প্রত্যেকটা বলে বলে ওকে ক্লিন বোল্ড করে দিচ্ছে, নিতান্ত আনাড়ির মতো ও বারবার প্যাভিলিয়নের বাইরে চলে আসছে। চাপা স্বভাবের হলেও যথেষ্ট বুদ্ধিমান হিসেবে নেহালের সুনাম রয়েছে। বন্ধুরা ওর কোনো মতামতকে সবচাইতে বেশি গ্রাহ্য করে।
আজ কী হয়েছে ওর! এই মেয়ে নির্ঘাৎ জাদু টোনা জানে, মন্ত্রবলে নেহালের ব্রেইনের জায়গায় কোন পদার্থরূপী অপদার্থ ইমপ্ল্যান্ট করেছে কে জানে!
"চেষ্টা করলে গ্রিন সিগনাল পেতে পারি?"
"তা পারেন। কিন্তু তেমন আশা তো দেখছি না। আপনার যা পারফরম্যান্স দেখলাম আজ! একটা টিপস দিতে পারি, নেবেন?"
নেহাল উত্তর না দিলেও লিলি মাথাটা একটুখানি ওর দিকে এলিয়ে ষড়যন্ত্রীর মতো করে বলল, "বেশি বেশি সবুজ শাকসবজি আর মলা, ঢেলা, চ্যালা, প্যালা এমন যা কিছু খাবার আছে সেসব বেশি বেশি খান। মাথার গোবর থেকে সার পেলেও পেতে পারেন৷"
নেহালের মুখে আবারও সেই অসহায় অভিব্যক্তি ফুটে উঠতে দেখে লিলি বলল, "আরেকটা ফ্রি এডভাইস, ছিচকাঁদুনে ছেলে আমার একদম পছন্দ নয়।"
নেহাল এতক্ষণ সহ্য করলেও এবার ওর বাঁধ ভাঙল খানিকটা, গলায় ক্ষোভ নিয়ে বলল, "একদম বাজে কথা বলবে না। আমি মোটেও কান্নাকাটি করি না।"
লিলি ছবিটা বের করে নেহালের চোখের সামনে ধরল, "জ্বলজ্যান্ত প্রমাণ আমার সামনে।"
নেহাল ছবিটা নেয়ার জন্য হাত বাড়াতে বাড়াতে লিলি ঝড়ের বেগে হাত সরিয়ে নিল।
"ওটা দাও প্লিজ।"
লিলির মুখে ট্রেডমার্ক দুষ্টু হাসি খেলে গেল, "এখন কেবল আমরা কয়েকজন জানি। আরেকবার এটা ফেরত চাইলে, আমি এটা আমাদের পেইজে আপলোড করে দেব। একটা কিউট টাইপের ক্যাপশনও মনে মনে ঠিক করে ফেলেছি, 'আমার ছিঁচকাঁদুনে বর'। সাথে অবশ্য আরেকটা সেলফি থাকবে।"
নিজের মোবাইলের ক্যামেরা অন করে নেহালের কাছে সরে বসল লিলি। এরপর নেহালের কাঁধে আলতো করে মাথা রেখে বলল,
"একটা রোমান্টিক হাসি দেন তো? তাহলে ছবি ফেরত দেয়ার ব্যাপারটা কনসিডার করা হতে পারে।"
নেহাল আচমকা লিলির এভাবে কাছে সরে আসায় বিব্রতবোধ করল, মুখে কিছুতেই হাসি আনতে পারল না। বরং একটা বোকাটে অভিব্যক্তি ফুটল নেহালের মুখে। লিলি সেলফি নিয়েই সরে গেল।
"এই ছবিতেও আপনাকে মারাত্মক কিউট দেখাচ্ছে। আলাভোলা সুন্দর ছেলে। আমাদের ফলোয়ার সংখ্যা ভালোই। পাশাপাশি ছবি দুইটা দিয়ে পোস্ট করলে আপনার ভাগ্য খারাপ থাকলে ভাইরালও হয়ে যেতে পারে। এসব আবার লোকে খায় ভালো।"
নেহালের মুখ এবার সত্যিই কাঁদোকাঁদো হয়ে গেল। সে প্রাণপণে নিজের সেই এক্সপ্রেশন লুকানোর চেষ্টা করতে করতে বলল,
"এটা কোরো না, প্লিজ। আমি রিকোয়েস্ট করছি।"
লিলি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বলল, "এদিকে একটু এগিয়ে আসুন তো, একটা জিনিস দেখব।"
নেহাল ভীত মুখ আর মন নিয়ে বিছানায় বসে থেকেও খানিকটা এগিয়ে লিলির নাগালের মধ্যে এলো।
লিলি আলতো করে নেহালের থুতনি ধরে নিজের মুখটা খানিকটা নামিয়ে ওর মুখের কাছাকাছি এনে প্রায় ফিসফিস করে বলল,
"আপনার এই এক্সপ্রেশন আমার পছন্দ হয়েছে। তাই এবারের মতো মাফ করলাম। ভবিষ্যতে ছবিগুলো চাওয়ার সাহস করবেন না কিন্তু। মনে থাকবে?"
চূড়ান্ত নাজেহাল নেহাল মাথা নাড়িয়ে সম্মতি দেয়া ছাড়া আর অন্য কোনো উপায় খুঁজে পেল না। একে তো লিলি এতটা কাছাকাছি, তার উপর নিজের অস্তিত্ব নিয়ে নিদারুণ সংকট। এমন গ্যাঁড়াকলে এই বত্রিশ বসন্ত পেরিয়ে আসা জীবনে এই প্রথম পড়েছে। সে মনে মনে একটা কথাই বলছে,
"ধরণী দ্বিধা হও"
লিলি ওর থুতনি ছেড়ে নিজের মোবাইল আর হাতে করে নিয়ে আসা ছবিটা নিয়ে বেরিয়ে গেল৷ এই ভয়ানক মেয়েটার প্রাণপণে চেপে রাখা হাসিটা নজরে এলো হতবুদ্ধি হয়ে বসে থাকা নেহালের। ভাগ্য ওর সাথে এমন পরিহাস করল! মান, সম্মান আর কিছুই অবশিষ্ট রইল না। সত্যি সত্যি হাঁক ছেড়ে কাঁদতে ইচ্ছে করল ওর।
ঘর থেকে বেরিয়ে উঁকি দিয়ে নেহালকে আরেকবার দেখার লোভ সামলাতে পারল না লিলি। শিশুসুলভ সরলতা ছেয়ে আছে নেহালের চোখেমুখে, সবমিলিয়ে দেখার মতো চেহারা হয়েছে বেচারার। লিলি হেসে ফেলল সশব্দে। এতক্ষণ নিজের সাথে রীতিমতো যু দ্ধ করতে হয়েছে হাসি চেপে রাখতে।
একটা উপলব্ধি হলো ওর, নেহাল মানুষটা খুব একটা খারাপ না বোধহয়। ওকে সহ্য করার মতো অসীম ধৈর্যের পরীক্ষায় আজ পাশ করে গেছে ছেলেটা। কটু কথা বললে ওর নিজেরই কষ্ট হয় পরে। এভাবে হাসিমুখে যদি শায়েস্তা করা যায়, তাহলে বরং সব কূল রক্ষা হয়!