বিবাহ বিভ্রাট ডটকম

পর্ব - ৩১

🟢

রাত্রির গত দশ দিন কেটেছে ভীষণ অস্থিরতার মধ্যে। যত কাজ আঁকড়ে ধরতে চেয়েছে, ততই যেন ইমরোজের সেদিনের কথাটা কানে বেজেছে বারবার। যেন ওকে কেউ শাস্তি দেবার জন্য ওর অপ্রিয় কথাগুলো জোর করে হাত পা বেঁধে কানের কাছে রেকর্ড করে বারবার বাজাচ্ছে। কী বিশ্রী অনুভূতি! নিজেকে এত ছোট মনে হয়!

একজন অসুস্থ মানুষের সেবা করায় তার মধ্যে বিন্দু পরিমান কৃতজ্ঞতা বোধকে সে ভালো লাগা ভেবে নিয়েছিল! সে-ও সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চেয়েছিল। এই লজ্জা সে কোথায় রাখবে!

কক্সবাজারের বন্ধ হোটেল রুমে জ্বর ক্লিষ্ট অসহায় ইমরোজের নির্মল সুন্দর মুখটাও ওর চোখে ভাসে চোখ বন্ধ করলে। যে ওকে এতটা অপছন্দ করে, তাকে কেন সে মন থেকে বের করতে পারছে না, সহস্রবার চেষ্টা করেও!

***

ইমরোজ মা'য়ের সাথে কথা বলেও সাথে সাথে যেতে পারেনি, বলা ভালো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। গত দুইদিন ধরে সে বিবাহ ডটকমের সামনে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছে। ভেতরে যেতে পারেনি।

গতবার ‘স্যরি’ বলতে গিয়ে যে অপমানিত হতে হয়েছে, তা ভুলে যায়নি। তবে সেই বারের চাইতে এবারের অপরাধ অনেক বড়। দেখা না করতে পারলে, অপরাধবোধের দংশনে সে শেষ হয়ে যাবে!

আজ তাই ভেতরে এলো। মনে পড়ল তার স্ত্রীর সাথে দেখা করতে হলে এপয়েনমেন্ট লাগে। কত নম্বর সিরিয়াল পড়ে কে জানে! তাছাড়া আগে থেকে বলে দিলে যদি দেখা না করে!

রিসিপশনের মেয়েটি ওকে দেখেই উচ্ছ্বসিত গলায় বলল, “আরে ভাইয়া৷ আপনি?”

“রাত্রি আছে?”

“জ্বি ভাইয়া।”

“কত পর্যন্ত সিরিয়াল লেখা আছে আপনার এখানে?”

“ছাব্বিশ।”

“আপনি একটা কাজ করে দেবেন? আসলে আপনাদের ম্যামকে আমি একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। বেশি সময় নেব না। দশ মিনিটের জন্য আমাকে ভেতরে ঢুকাতে পারবেন?”

“কিন্তু ম্যাম যদি রেগে যান?”

“সেই দায়িত্ব আমার। হেল্প করুন প্লিজ!”

মেয়েটা রাজি হয়ে গেল। রাত্রির কেবিনের বাইরে বসে থাকে ছেলেটাকে ডেকে কথা বলে ওকে বলল,

“ভেতরে যেই ক্লায়েন্ট আছেন, তিনি বেরুলেই আপনাকে ঢুকিয়ে দেব।”

“থ্যাংক ইউ।”

মনে মনে অসংখ্য কথা সাজিয়ে এনেছে ইমরোজ। দশ মিনিট তার জন্য যথেষ্ট নয়। তবুও কথাগুলো বলতেই হবে।

ভেতরে ঢুকার আগে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ এমন প্রকট হচ্ছিল, মনে হয় এই গাদাগাদি ঘরে উপস্থিত সকল মানুষ সেই শব্দ শুনতে পাচ্ছে!

কতদিন পরে সে রাত্রিকে দেখল, মেয়েটা ওর দিকে তাকায়নি, একটা ফাইল দেখছিল, চোখ না তুলেই বলল, “মিনারুল আলম?”

“না।”

চেনা স্বরে ঝট করে চোখ তুলল রাত্রি। বিস্ময়ের একটা প্রবল ধাক্কা যে খেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে যেকোনো পরিস্থিতিতে নিজের অনুভূতি সামলে নেবার ক্ষমতা এই মেয়ের প্রবল।

মুহূর্তেই চোখেমুখে স্বভাবসুলভ কাঠিন্য ফুটিয়ে, গলাতেও সেই কাঠিন্যের একাংশ স্থানান্তর করে জিজ্ঞেস করল,

“আপনি? কী চাই?”

“আপাতত কিছুটা সময়। বসতে পারি?”

“আমি ব্যস্ত।”

“জানি। আমার কথাগুলোও জরুরি।”

“আপনি তো ক্লায়েন্ট হয়ে আসেননি। অতিথি হয়ে এসেছেন। অতিথিকে অসম্মান তো করতে পারি না। বসুন।”

ইমরোজ আয়েশ করে বসল। দশ দিন সময় নিয়ে সাজানো কথার পাহাড় যেন সহসাই আকস্মিক ভূমিকম্পে ধ্বসে পড়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে ছিন্ন বিচ্ছিন্ন কথার টুকরো মনে আসছে। কিন্তু টুকরো গুলো জুড়ে নিতে পারছে না।

“কী বলতে চান, দ্রুত বলুন।”

“আপনি আসার দিন আমি একটা বাজি হেরেছিলাম। আপনার একটা উইশ পূরণের শর্ত ছিল। ঋণ রাখতে ভালো লাগে না, ঋণের বোঝা মাথায় রেখে ঘুম আসে না৷ ভাবলাম, শোধবোধ করে আসি। বলবেন, আমাকে কী করতে হবে?”

রাত্রির দৃষ্টি তীক্ষ্ণ হলো, কাঠিন্যের মাত্রা বেড়েছে, এই মেয়ের এমন কেন! এভাবে তাকালে ভেতর পর্যন্ত কেঁপে উঠে ইমরোজের সে কী বোঝে না!

অবশ্য যা বলতে এসেছিল, তা বলতে না পারায় নিজের উপরেই ক্ষুব্ধ হলো সে।

“আপনার ঘুম নিয়ে আমার মাথা ব্যথা নেই।”

“কিন্তু ঘুম না হলে আমার ম্যাথা ব্যথা করে। আমার মাইগ্রেন আছে। চশমা পরি তো।”

“ফাজলামো করেন?”

“আমার রোগ আপনার কাছে ফাজলামো মনে হলো?”

“রোগের জন্য ডাক্তার আছে। তার চেম্বারে যান। ঘটকের চেম্বারে কী কাজ? বিয়ে করবেন আরেকটা?”

ইমরোজ বলতে চাইল, “আপনি আমার পার্সোনাল ডাক্তার। আমার জ্বরের সময় আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেই আমার ঘুম চলে আসত।”

কিন্তু বলতে পারল না কথাটা, শুধু বলল, “নাউজুবিল্লাহ। আপনি থাকতে ওসব ইচ্ছে নেই আমার। কিন্তু রোগের কারণটা তো আপনি। কারণ দূর করে দিলেই ঘুম হবে।”

রাত্রি বিরক্ত ভঙ্গিতে কাগজে চোখ বুলাতে শুরু করল, ইমরোজ অধৈর্য হচ্ছে।

“আমি সত্যিই ঋণ রাখতে চাই না। একটা উইশ বলুন।”

“যন্ত্রণা তো! আপনি কী আলাদিনের চেরাগের দৈত্য জিনি? আমি প্রদীপে ঘষা দিইনি। কানের কাছে উইশ পূরণ করার রূপকথা ঘ্যানঘ্যান করবেন না তো!”

“আমার একটা জিনি থাকলে ভালো হতো।”

“কেন?”

“তিনটা ইচ্ছা পূরণ করত।”

কথাটা বলে মনে মনে ইমরোজ বলল, “তার একটা ইচ্ছা হতো, আপনাকে মানিয়ে নিয়ে আসা। তাতে কাজ সহজ হতো।”

“আমাদের এখন ফেইরিটেলস শোনার বয়স নেই।”

“আপনার কিছু ডকুমেন্টস আমার রুমে ছিল। নিন।”

রাত্রি সেগুলো নিয়ে বলল, “দিয়ে যাবার জন্য থ্যাংকস। আসুন এবার।”

“আপনার সবকিছু আমার ঘরে রয়ে গেছে।”

“সেগুলো রেখে এসে আপনার শান্তি বিঘ্নিত করার জন্য দুঃখিত। নিয়ে আসব ওগুলো।”

“না, না, আনতে হবে না। থাকুক ওগুলো।”

ইমরোজ বলতে চেয়েছিল, “ওই জিনিসগুলো আপনার কথা মনে করায়। মনে হয় আপনি একটু পরেই চলে আসবেন।”

কী যে হয়েছে ওর! যা বলতে চায়, কিছুই বলতে পারে না। এমন কেন হচ্ছে! এত নার্ভাস সে আগে কখনো অনুভব করেনি। ফোকাস ইমরোজ, ফোকাস!

“আমার জিনিস আপনার ওখানে কেন থাকবে?”

“বা রে, ওটা তো আপনারও ঘর।” এই প্রথম একটা কাজের কথা বলল৷

“না। আমার একটাই ঘর। আমি আপনার জীবন নষ্টের কারণ। আমার কাছ থেকে যেমন আপনাকে মুক্তি দিচ্ছি, আমার জিনিসপত্র থেকেও মুক্তি দিয়ে দেব।”

“কিন্তু আমি তো চাইছি না।”

“কী?”

“মুক্তি। ফিরে এসো প্লিজ রাত্রি। সেদিন তোমাকে ওভাবে বলতে চাইনি। বিশ্বাস করো।”

“আমি চা দিতে বলি। আমার সত্যিই অনেক কাজ আছে।”

ইমরোজ কষ্ট পেল, সে প্রথমবার রাত্রিকে তুমি বলেছে, অথচ এটা নিয়ে কোনো হেলদোল নেই মেয়ের। কাজ আর কাজ। কাজকে বিয়ে করলেই হতো!

“ফিরে চলো রাত্রি, প্লিজ।”

“ফিরে যাওয়া এত সহজ মনে হয়? আপনাকে যদি আমি ওই কথাগুলোই বলতাম? তাও যখন আমাদের মধ্যে…”

এটুকু বলে থেমে গেল রাত্রি। ইমরোজ হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যিই, যখন ঠোকাঠুকি চলছিল, তখন তো কতই অফেন্সিভ কথা বলেছে পরস্পরকে। কই তখন তো রাত্রি রাগ করেনি! তবে কী রাত্রিও ওর জন্য ফিল করতে শুরু করছিল! আর সে কি-না নিজের হাতে সবটা ভণ্ডুল করে দিল!

এই মেয়েকে মানাতে ওকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে।

Story Cover