বিবাহ বিভ্রাট ডটকম

পর্ব - ২২

🟢

মধুচন্দ্রিমায় যাবার প্রস্তুতি হিসেবে রাত্রি হাতের জরুরি কাজগুলো গুছিয়ে নিচ্ছে। যেই বিয়েগুলো প্রায় গুছিয়ে এনেছে, সেই ক্লায়েন্টদের সাথে মিটিং সারল। মিটিং প্রায় শেষ পর্যায়ে তখন ইমরোজ কল করল।

“কতক্ষণ লাগবে আপনার?”

আজ ওরা কেনাকাটা করতে যাবে, ওদের কারোরই ইচ্ছে ছিল না, রাত্রি বলেছিল,

“মা, কিছুদিন আগেই তো কেনাকাটা করলাম।”

কিন্তু আনোয়ারা মানেননি। কড়া গলায় বলেছেন,

“সেটা তো বিয়ের জন্য। এখন কমফোর্টেবল কিছু নিবি।”

ইমরোজ জানে বলে লাভ হবে না, তাই এবার কিছু বলেনি। তাছাড়া এই হানিমুনে সে এখন বেশ আগ্রহের সাথেই যাচ্ছে, শোধবোধ বলে কথা।

“আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন। আধাঘণ্টা লাগবে।”

“এতক্ষণ অপেক্ষা করতে হবে?”

“কল করে আসলেই পারতেন। কাজ না গুছিয়ে তো যাওয়া যায় না।”

নির্ঘাত এই মেয়ে ইচ্ছে করে দেরি করছে, সারাক্ষণ ওকে ভোগান্তি দিতে এক পা খাড়া করে রাখে। অসহ্য মেয়ে।

রাত্রি কাজ শেষ করে বেরুলো ঘড়ি ধরে বিয়াল্লিশ মিনিট পরে। ইমরোজ মোটরসাইকেল কিনেছে কিছুদিন হয়। পুরোনোটা অনেকদিন থেকেই অকেজো হয়ে পড়ে আছে।

বাইকের সামনে দাঁড়িয়ে রাত্রি বলল, “আপনি বাইক এনেছেন কেন? আপনি যান, আমি রিকশা বা সিএনজি দেখছি।”

“দেখুন, সেটা আগে বললেই পারতেন। বিয়াল্লিশ মিনিট অপেক্ষা করিয়ে এখন সিনক্রিয়েট করছেন কেন?”

“আপনার সাথে বাইকে চাপতে ভরসা পাচ্ছি না। রিভেঞ্জ ঘুরছে মাথায়, বলা তো যায় না, ইচ্ছে করে ফেলেও দিতে পারেন!”

“ভয় পাচ্ছেন? আপনি ভয় পান জেনে ভালো লাগল।”

রাত্রি চোখে আগুন ঝরিয়ে ইমরোজকে ভস্ম করে দিতে চাইল, “ভয়? ওই জিনিসটা আমার মধ্যে নেই। সরুন, সামনে এগিয়ে বসুন। খবরদার যদি ফেলে দেবার চেষ্টা করেছেন, আমি একা পড়ব না, আপনাকে সাথে নিয়েই পড়ব।”

“আমি এতটাও খারাপ নই যে ইচ্ছে করে কারোর এক্সিডেন্ট করাব। এটুকু ভরসা রাখতেই পারেন।”

রাত্রি উৎপলের সাথে বাইকে উঠেছে অসংখ্যবার। তাই তেমন জড়তা নেই। কিন্তু ইমরোজের সাথে প্রথমবার, কোথাও যেন খানিকটা অস্বস্তি হলো। তবে সেটা কেটে গেল দ্রুত৷ বেশ সাবধানেই চালাচ্ছে ইমরোজ, রাত্রির মনে হলো ছেলেটা ভীষণ ঝগড়াটে, বোকাও মনে হয় মাঝেমধ্যে। কিন্তু অন্যান্য বিষয়ে একেবারে খারাপ নয় বোধহয়।

কেনাকাটা করার সময় রাত্রি ইচ্ছে করে সময় নিল, দুই বাসার সবার জন্যও কেনাকাটা করল ওরা। দাম মেটাতে গিয়ে কিছুটা কথা কথা কাটাকাটি লাগছিল৷ কারণ রাত্রি ইমরোজকে টাকা দিতে নিষেধ করেছিল,

“এখন দেবেন, পরে এটা নিয়ে কথা শোনাবেন, সেটা হবে না।”

শেষমেশ দুজন ফিফটি ফিফটি বিল শেয়ার করতে রাজি হয়েছে।

ইমরোজ খেয়াল করল, রাত্রির পোশাক কেনায় খুঁতখুঁতে, তবে শপিংয়ে তারও অনীহা। কোনো মেয়ের শপিংয়ে অনীহা থাকতে পারে, এটা ওর জন্য রীতিমতো বিস্ময়কর।

***

আগামীকাল রাত্রিরা কক্সবাজার চলে যাবে তিনদিনের জন্য, এই উপলক্ষে ওদের বাসায় ইমরোজদের দাওয়াত আজ।

রাত্রি খয়েরি রঙের একটা শাড়ি পরল৷ বিয়ের সময় উৎপল দিয়েছিল শাড়িটা। ভারি সাজে ওর চেহারার মিষ্টতা ঢেকে যায়, মানায় না কেন যেন। মানানসই স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে সে। তবে লিপস্টিক গাঢ় রঙের পরে। খোলা চুলে ওকে ভীষণ সুন্দর লাগছিল।

ইপ্সিতা ওকে ডাকতে এসে উচ্ছ্বসিত গলায় বলল, “ভাবি, তোমাকে কী যে মিষ্টি লাগছে!”

“তোমার থেকে কম।” মৃদু হেসে উত্তর দিল রাত্রি।

ইমরোজ নীল রঙের পাঞ্জাবি পরেছে, আনোয়ারা বললেন, “তুই খয়েরি পাঞ্জাবিটা পরতে পারলি না?”

“কেন মা, এটাতে কী সমস্যা?”

“এই জেনারেশন পুরোটাই এমন রসকষহীন, নাকি তোরা দুইটাই এমন এক পিস?”

ইমরোজ আর রাত্রি দুজন দুজনের দিকে তাকাল,

ইমরোজ ভাবল, “দেখতে যেমন নিরীহ, কাজেকর্মে সাক্ষাৎ শাকচুন্নী।”

রাত্রির ভাবনা ছিল, “দেখো, কেমন গোবেচারা ভাব, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। অথচ এর পেটে পেটে শয়তানি। চেহারা আর স্বভাবের এত বৈপরীত্যে কেন!”

রাত্রি মায়াকে বলল, “মা, ভাইয়ার বিয়ের ব্যাপারে এসে তোমাদের ডিটেইলস দেব। খুব ভালো ফ্যামিলি। মেয়েটাও ভালো। ভাইয়াকে বায়োডাটা দিয়েছিলাম, দেখে সিদ্ধান্ত নিও।”

“উৎপল কী বলেছে?”

“কিছুই না। তবে ও যেহেতু কোনো সম্পর্কে ইনভলভ হয়নি, আপত্তি করার তো কিছু দেখছি না।”

“আচ্ছা, সে হবে নাহয়। তোরা ভালোয় ভালোয় ঘুরে আয়।”

মায়া আর হাবীব সাহেব দোয়া করে দিলেন ফেরার সময়।

নির্দিষ্ট দিনে ওরা নির্ধারিত ট্রেনে গিয়ে বসল। দুজনের একসাথে প্রথম যাত্রা। ইমরোজের মনে প্রতিশোধ নিতে পারার আনন্দ, রাত্রির মনে সেই মধুময় আনন্দে চিরতার রস ঢালার বাসনা৷ মধুর সাথে চিরতার রস মেশালে কেমন লাগবে! বিটকেলে স্বাদের কথা মনে পড়তেই কেমন গা গুলিয়ে এলো।

Story Cover