বিবাহ বিভ্রাট ডটকম

পর্ব - ১৪

🟢

রাত্রির ইমরোজকে বিয়ে করতে আপত্তি নেই, এই কথাটা দশদিনের মধ্যেই আনোয়ারাকে জানিয়ে দিলেন মায়া। ইমরোজের প্রতি নিজের সন্তুষ্টির কথাও জানাতে ভোলেননি।

আনোয়ারা বললেন, "আপা, ওদের মতিগতি যেকোনো সময় ঘুরে যেতে পারে। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে যত দ্রুত সম্ভব, বিয়ের আয়োজন শুরু করি? কী বলেন?"

"আমিও তাই ভেবেছি আপা। আমি ওদের বাবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি।"

আনোয়ারা ভীষণ খুশি হয়েছেন রাত্রি রাজি হওয়ায়। তিনি জানেন, তার ছেলে যতই গাইগুই করুক, তার কথা শেষ অব্দি ফেলবে না। গাইগুই তিনি কানেও তুলবেন না। ছেলে বৈরাগ্য পুষে রাখতে চাইলে হিমালয়ে যাক গৌতম বুদ্ধের মতো, তার চোখের সামনে থাকতে পারবে না। তার বয়স হয়ে গেছে, ইদানিং মৃত্যুচিন্তা ঘোরে মাথায়। ছেলে মেয়ের একটা সুখী সংসার তিনি চোখের সামনে দেখে যেতে চান।

ওদিকে মেয়ের মতিগতিও তার ঠিকঠাক লাগছে না। তিনি চেষ্টা করছেন নজর রাখতে। ইমরোজের বিয়ে নিয়ে যেহেতু তাকে মাথা খাটাতে হচ্ছে, তাই ইপ্সিতার বিয়ের কথাবার্তা তেমন এগুচ্ছে না। তিনি ঠিক করলেন, দুই সপ্তাহের বেশি সময় নেবেন না। এরমধ্যে বিয়ে সম্পন্ন করে মেয়ের বিয়ে নিয়ে আবারও তোড়জোড় শুরু করবেন।

বিষয়টা ছেলেকে একটু আয়োজন করে জানাতে হবে। তিনি পোলাও কোরমা রান্না করলেন। সাথে পায়েস। তার হাতের ঘণ দুধের পায়েস ছেলের খুব পছন্দ।

কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে খেতে এলো ইমরোজ।

"কী ব্যাপার মা, আজ কোনো স্পেশাল দিন?"

"হ্যাঁ। বোস।"

ইমরোজ মনে করার চেষ্টা করল আজ কারোর জন্মদিন কি-না। না, অবশ্য মা প্রায়ই সময় নিয়ে নানারকম রান্না করেন। তিনি রাঁধতে ভালোবাসেন। তাই আর কোনো প্রশ্ন করল না।

খেতে খেতে ইপ্সিতা বলল করল, "মা, আজ বিকেলে একটু বাইরে যাব।"

ইমরোজ জিজ্ঞেস করল, "কেন? তোর তো কালই এক্সাম শেষ হয়েছে।"

"সেজন্যই, সুবর্ণা, মোনা ওরা সবাই আসবে। অনার্স শেষ হয়ে গেল, সবাই সেটা সেলিব্রেট করতে চায়।"

আর বাঁধা এলো না, ইপ্সিতা আসলে যাবে উৎপলের সাথে দেখা করতে। পরীক্ষা শেষ হওয়ায় বাইরে যেতে মিথ্যে অজুহাত দিতে হলো। পুরোপুরি মিথ্যে না অবশ্য৷ ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ থেকে চম্পট দেবে। মিথ্যে বলতে একটু খারাপই লাগল।

খাবার পরে পায়েসের বাটি ওদের দিকে এগিয়ে দিলেন আনোয়ারা।

ইমরোজ সবে এক চামচ পায়েস মুখে তুলেছে, তখনই মা বললেন, "রাত্রি রাজি হয়েছে।"

"কীসে?"

"মঙ্গল গ্রহে যেতে৷ কীসে রাজি হবার কথা? গাধা, বিয়েতে।"

"কীহ্!" ইমরোজের মস্তিষ্কে কথাটা প্রসেস হতে সময় নিল খানিকটা, এরমধ্যে আনোয়ারা সহাস্যে বললেন,

"তোকে বিয়ে করতে ওর আপত্তি নেই।"

প্রবল শকে পায়েস ইমরোজের নাকে উঠে গেছে, কাশি উঠেছে। মা উঠে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে ওকে শান্ত করে পানির গ্লাস এগিয়ে দিলেন।

"এমনভাবে ভয় পেলি, মনে হয় বিয়ে না, বিচারকের কাছ থেকে ফাঁসির রায় শুনলি? আরে, বিয়ে একটা খুশির জিনিস, আনন্দের জিনিস।"

"এটা ফাঁসির রায়ের চাইতে ভয়ংকর।"

বলতে বলতে নিজেকে ধাতস্থ করে নিল ইমরোজ, "সে রাজি হলেই তো হচ্ছে না। উনার আপত্তি না থাকতে পারে, কিন্তু আমার আপত্তি আছে। আমি রাজি না, দন্ত-ন আকারে না।"

"তুই ভুলে যাচ্ছিস ইমু, আমি স্কুলে মাস্টারি করেছি। আমাকে বানান শেখাতে আসবি না। আমি তোর মা, তোর গ আকারে গা ধ আকারে ধা, গাধা লেভেলের স্টুডেন্ট না। অ আ ক খ, আমার কাছ থেকেই প্রথম শিখেছিস।"

ইমরোজ বিস্ফারিত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে, সে ওর অনাপত্তি জানিয়েছে, আর মা কিনা বানান নিয়ে পড়ে আছেন! ওর যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করার জন্য উঠেপড়ে লেগেছেন! আর ওই অভব্য মেয়েটারও তো কথার ঠিক নেই৷ এমন ভাব, যে ওকে সহ্যই করতে পারে না, তলে তলে বিয়েতে রাজি হয়ে গেছে।

ইমরোজ এটা ভেবে নিশ্চিন্ত ছিল যে, রাত্রি কিছুতেই রাজি হবে না। এটা ভেবেই নির্ভার ছিল। মেয়েটা দেখছি একেবারে ভরসা যোগ্য নয়! ভুল হয়ে গেছে, একটা ম্যানারলেস মেয়ের উপরে ভরসা করে। সেদিনই কত বড় গলায় ওকে শাসালো, আর এই কয়দিনেই ইমরোজ কী এমন রসগোল্লা হয়ে গেল ওর কাছে, যে তিড়িং-বিড়িং নাচতে নাচতে বিয়েতে মত দিয়ে দিল!

"মা, একটা কথা বলি? আমি ওকে বিয়ে করব না।"

"বিয়েটা করবি, ওকেই করতে হবে। তোর বহুত ধানাইপানাই দেখেছি, আর সহ্য করব না। আমি ওদের কথা দিয়েছি। এখন আর পিছিয়ে আসার জায়গা নেই। একটা প্রেম করতি, বা কাউকে পছন্দ থাকলে তার সাথে বিয়েতে আপত্তি করতাম না। কিন্তু নেই যেহেতু, তাই এটাই শেষ কথা। এফ আই এন এ এল ফাইনাল। বানানের খেলা আমিও খেলতে জানি।"

ইমরোজ প্রিয় পায়েস না খেয়েই উঠে চলে গেল নিজের ঘরে। মোবাইলটা হাতে নিয়ে কন্টাক্ট লিস্ট থেকে রাত্রির নম্বর বের করে কল করল।

কয়েকবার রিং হবার পরে পঞ্চমবারে ধরল, ধরেই বলল, "এতবার কল দিচ্ছেন কেন? যখন দেখছেন কেউ কল রিসিভ করছে না, তার মানে সে ব্যস্ত আছে। এটুকু ম্যানার জানেন না?"

ইমরোজের মাথায় এমনিতেই ভিসুভিয়াস হয়ে ছিল, রাত্রির কথা যেন তাতে ঘি ঢালল।

"এত মানারিজমের জ্ঞান ঝাড়বেন না তো। নিজে ম্যানার জানেন? নিজে যা জানেন না, সেটা নিয়ে অন্যকে উপদেশ দেওয়াটাও অভদ্রতা।"

"কলটা আপনি করেছেন। তারমানে প্রয়োজনটা আপনার। আমার হাতে সময় কম। নইলে ডিটেইলড এক্সপ্লেনেশন দিতাম। দ্রুত উগড়ান।"

"উগড়ান মানে?"

"মানে যা পেটে আছে, তা উগড়ে ফেলুন। আমার এখন সময় নেই।"

ইমরোজের ইচ্ছে করছিল, একটা হাতুড়ি দিয়ে এই মেয়ের মাথার খুলি ফাটিয়ে দিতে। কিন্তু সে এখন কাঁদায় পড়া হাতি, আর হাতি কাঁদায় পড়লে চামচিকাও লাথি মারে, আর এই মেয়ে সাক্ষাৎ বাঘিনী। পরক্ষণেই নিজের ভাবনাকে শুদ্ধ করল, এমন ভালো বিশেষণ ওই মেয়ের জন্য না। সাপিনী কিংবা সর্প রানী বলা যায়।

"সেদিন তো খুব বড় গলায় বললেন যে আমাকে বিয়ে করবেন না। আমাকে অপমান করলেন, হঠাৎ রাজি হলেন কেন তাহলে?"

"ভেবে দেখলাম, আপনি মানুষটা পারফেক্ট হাজব্যান্ড ম্যাটারিয়াল। গার্লফ্রেন্ড নেই, রান্নাবান্না পারেন, ঘর গোছাতে পারেন। আবার মাম্মাস বয়। তাই ভাবলাম হাতছাড়া করা ঠিক হবে না৷ সবকিছু বিবেচনা করে আপনাকে পছন্দ হয়ে গেল।"

রাত্রির কথার ব্যাঙ্গাত্মক ভঙ্গি ধরতে মহা বুদ্ধিমান হতে হয় না, গা জ্বালানো হাসিটা যেন অদেখা দূরত্বে থেকেও স্পষ্ট দেখতে পেল ইমরোজ।

"রাত্রি, প্লিজ, বিয়েটা ভেঙে দিন।"

"দেখুন, আমার কিন্তু কোনো সমস্যা নেই আপনাকে বিয়ে করতে। সমস্যাটা আপনার। আপনি যদি বিয়ে ভাঙতে পারেন, ভাঙুক। গ্রো আপ ম্যান। নিজের কাজ নিজে করতে শিখুন।"

ইমরোজ উত্তর দিতেই যাচ্ছিল, ওকে থামিয়ে দিয়ে রাত্রি বলল, "অনেক সময় নষ্ট করেছেন। আপনার মতো বাঁধাধরা মাস শেষ হলে স্যালারি আমার পকেটে আসে না, আর বিরক্ত করবেন না।"

বলে মুখের উপরে কলটা কেটে দিল। রাগে, অপমানে ইমরোজের সারা গা জ্বলছে। দুপুরের খাবারটাও হজম হচ্ছে না! কী করবে সে! কী করলে এই আতান্তর থেকে মুক্তি মিলবে! আল্লাহ, রক্ষা করো!

Story Cover