তোমার নিমন্ত্রনে

পর্ব - ২৯

🟢

শোভা হাতের মুঠোফোনের দিকে মুহূর্ত খানেক করুণ দৃষ্টিতে তাকিয়ে সেটা সরিয়ে রাখল। দীপ্তর ঘৃণা ভরা দৃষ্টি তার হৃদয়ে তীরের মতো বিদ্ধ করছে। সেই ঘৃণার তীব্রতা তিনি সহ্য করতে পারছেন না। কী অসহ্য ঘৃণা নিজের সন্তানের তার প্রতি! তার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল বহুকাল পড়ে।

সদ্য তারুণ্যে পা দেয়া শোভা গভীর প্রেমে পড়ে যান ধীরস্থির অথচ প্রাণখোলা মোহসীনের। তিনিই প্রথম প্রেম নিবেদন করেছিলেন। সুন্দরী, চপলা আর জেদি শোভাকে ফিরিয়ে দিতে পারেননি তিনি। কয়েকবার অস্বীকার করার চেষ্টা করেছেন, কিন্তু শোভার অদম্য জেদের কাছে তার আপত্তি খরস্রোতা নদীতে খড়কুটোর মতোই ভেসে গেছে। চার বছর চলেছে তাদের প্রণয় পর্ব।

শোভার বাড়িতে বিষয়টা জানাজানি হয়ে যায়। মোহসীন ততদিনে একটা চাকরি জুটিয়ে নিয়েছিলেন। কিন্তু শোভার পরিবারের চাহিদার সাথে সেটার দূরত্ব ছিল বিস্তর। তাই তারা অন্যত্র বিয়ে ঠিক করে ফেলেন।

শোভা বরাবর জেদি, একরোখা। একবার যা তার মাথায় ঢুকে যায়, তা থেকে তাকে বিচ্যুত করা তাদের পক্ষে সম্ভব হয়নি। তিনি একদিন ইউনিভার্সিটি থেকে সোজা মোহসীনের মেসে চলে আসেন। সেই রাতেই তারা বিয়ে করেন।

বিয়ের পরে তার পরিবার থেকে ঝামেলা করার চেষ্টা করেছিল, কিন্তু একজন সাবালিকা মেয়ের মতামতের বিরুদ্ধে কিছু করা যায়নি।

বিয়ের প্রথম দুই বছর কেটে গেল স্বপ্নের মতো। কত স্বপ্নের হাতছানি, কত পরিকল্পনা সংসার নিয়ে! এরপর হঠাৎ দীপ্ত পেটে আসে। শোভা প্রথমে সন্তানকে রাখতে চাননি। সদ্য অনার্স শেষ হয়েছিল তার। জীবন কেবল শুরু, সেই মুহূর্তে মানসিকভাবে সন্তান জন্ম দেবার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কিন্তু মোহসীন সন্তান চেয়েছিলেন। তিনি কথা দিলেন,

“শোভা, আমি সব সামলে নেব। ও আসুক প্লিজ।”

তিনি মেনে নিলেন। একটা ফুটফুটে সন্তান কোল জুড়ে এলো। তিনিও তার মায়ায় জড়িয়ে পড়লেন। দীপ্ত জন্মানোর পরে পরেই মোহসীনের প্রমোশন হলো। তার ব্যস্ততা বাড়তে থাকল। বাড়িতে সময় দেবার পরিমান কমে গেল। শোভার সহনশীলতা কমতে থাকল।

নিজেকে মনে হতে থাকল একটা সন্তান জন্ম দেবার মেশিন। সন্তান জন্ম দিয়েছেন, এখন তাকে লালন পালন করা ছাড়া তার জীবনে যেন আর কিছু নেই৷ একটা কাজের লোক ঠিক করে দিয়েই মোহসীন তার দায়িত্ব শেষ করেছেন। শোভা জেদের বশে তাকে কাজ থেকে ছাড়িয়ে দিলেন। নিজেই রান্না, কাপড় কাচা সব করতে শুরু করলেন৷

দীপ্ত কান্নাকাটি করলে তার রাগ বাড়ত। মনে হতো সে জন্মাল বলেই তার যত দূর্ভোগ। মোহসীন সাহেবের সাথে এটা নিয়ে ঝগড়া হতো। তিনি বললেন,

“সংসারে একজন সদস্য বেড়েছে। তার খরচ আছে। আমার অফিসে কাজের চাপ, তোমাদের জন্যই তো সব।”

এসব ছেলে ভোলানো কথা তার বিষের মতো মনে হতো। তার মনে হতো লোকটা তাকে বাড়িতে রেখে বাইরে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছে। এরকম হওয়া তো অসম্ভব নয়৷ এটা নিয়ে তাদের সংসারে অশান্তি হতে শুরু করল।

শোভার বোনদের সাথে যোগাযোগ ছিল, তাদের দেখে নিজের ভুল তিনি বুঝতে পারলেন। তিনি বোনদের মধ্যে সবচাইতে মেধাবী ছিলেন, সুন্দরীও। অথচ তাদের জীবনযাত্রার সাথে তার কত পার্থক্য। তিনি সংসার আর সন্তানের পেছনে খেটে মরছেন৷ তার জন্ম তো সেজন্য হয়নি। তার কত সম্ভাবণা ছিল, কত ভালো ক্যারিয়ার হতে পারত৷

তিনি মোহসীন সাহেবকে একদিন বললেন, “আমিও চাকরি করব।”

“দীপ্তকে কার কাছে রাখব?”

“মানে?”

“দেখো, দীপ্ত খুব ছোট। আরেকটু বড় হোক৷ এখন ওর তোমাকে প্রয়োজন।”

এই কথার পর তার চোখ পুরোপুরি খুলে গেল। তিনি বুঝলেন তার যোগ্যতাকে লোকটা ভয় পায়। তাই সন্তান আর সংসারে বেঁধে রাখতে চায়। তার মন বিদ্রোহ করল। সংসারের প্রতি তিনি বীতশ্রদ্ধ হলেন।

চার বছরের দীপ্ত দুষ্টুমি করলে তার গায়ে হাত পর্যন্ত তুলেছেন কয়েকবার। নিজের জেদি সত্তা যা সংসারের জাঁতাকলে হারিয়ে যেতে বসেছিল, সেই সত্তা ফিরে এলো।

মোহসীন নামের লোকটা তার জীবন নষ্ট করেছে, তিনিও তাকে বুঝিয়ে দেবেন, তিনি মোটেও ফেলনা নন। একসময় সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেল। তার বছর খানেক আগে অবশ্য লোকটা বলেছিল, “তুমি চাইলে এখন চাকরি করতে পারো।”

তিনি তখন তাতে কেন সাড়া দেবেন! তিনি কারোর হাতের কাঠ পুতুল নন। যখন চাবি দেবে তিনি নাচবেন! এখন তার ইচ্ছে নেই।

দীপ্তর বয়স যখন ছয়, তখন তাদের সম্পর্কটা পুরোপুরি বিষাক্ত হয়ে উঠল। একই ছাদের তলায় যেন তাদের বিষ নিঃশ্বাস পড়ছিল।

তবুও দিনশেষে লোকটা ক্লান্ত, পরিশ্রান্ত মুখে ছেলেকে জড়িয়ে বিষাদ নিয়ে ঘুরত তার সামনে দিয়ে, তার পৈশাচিক আনন্দ হতো। এই সম্পর্কে একসময় শোভাও ক্লান্ত হয়ে গেলেন৷ তিনি নিজেই মোহসীনকে বললেন,

“আমি আর এক ছাদের নিচে তোমার সাথে থাকতে চাই না। ডিভোর্স চাই।”

মোহসীনও হয়তো মুক্তির পথ খুঁজছিলেন, তিনি রাজি হয়ে গেলেন৷

শোভা ততদিনে একটা জিনিস বুঝেছে দীপ্ত হলো লোকটার সবচাইতে বড় দুর্বলতা। শোভারও মায়া আছে সন্তানের প্রতি। তিনি কেন সন্তানকে ছাড়বেন ওই লোকের জন্য!

আজ দীপ্ত বলল, তিনি নাকি কেবল প্রতিশোধ চরিতার্থ করার জন্যই ওকে কাছে রাখতে চেয়েছিলেন। কথাটা তো পুরোপুরি ঠিক নয়! প্রতিশোধ অবশ্যই একটা কারণ, কিন্তু সন্তানকে তো তিনিই জন্ম দিয়েছেন, পেটে ধরেছেন!

কিন্তু দীপ্ত এলো না তার সাথে। প্রথমদিকে তার ভীষণ কষ্ট হতো ছেলেটার জন্য। একসময় পরিবারের মতে আবারও বিয়ে করলেন। সেখানে সংসার সংসার খেলা নেই। কিছুদিন পরপর সমমনা মানুষদের নিয়ে ‘গেট টুগেদার’, কিছুদিন পরপর ট্রিপে যাওয়া সেসবে তিনি অভ্যস্ত হয়ে উঠলেন।

তবুও দীপ্তর মুখটা একখণ্ড পিছুটান হয়ে রইল তার এগিয়ে যাওয়া জীবনে। তিনি কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, কখনো নেপাল এসব করতে করতে যেটুকু অবসর পেতেন, তখন ওই লোকটার বাসায় টেলিফোন করে দীপ্তর খোঁজ নিতেন।

তার আবারও সন্তান এলো কোল জুড়ে। তিনি তাকে আঁকড়ে ধরে দীপ্তকে ভুলতে চেষ্টা করতে থাকলেন৷ কারণ দীপ্তর সাথে মোহসীন আছে, তার সাথে কথা বলতে হয় আগে৷ এটা তার জন্য চরম অবমাননাকর বলে মনে হতো৷ কিন্তু চাইলেই কি যাকে এতগুলো দিন নিজের ভেতরে ধারণ করে জন্ম দিয়েছেন তাকে ভোলা যায়! তিনিও ভুলতে পারেননি।

আরেকবার তিনি সন্তান সম্ভবা হলেন তিন বছর পর, তখন তিনি আবারও দীপ্তর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু ছেলে তার সাথে কথা বলতে চায় না।

অনেক চেষ্টা করেছেন, কিন্তু ছেলের অভিমান তিনি ভাঙাতে পারেননি। এখন বয়স হয়ে যাচ্ছে, তার অন্য দুই ছেলেমেয়ে তাদের নিজেদের জগতে ব্যস্ত। তার স্বামীও এখন অসুস্থ। তার চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকেন। তিনি এই বিশাল বাড়িতে একা।

তার ফেলে আসা সময়ের কথা মনে পড়ে, মোহসীনকে তিনি ক্ষমা করতে পারেননি। কিন্তু সন্তানকেও তিনি ভুলতে পারেননি। তাই প্রায়ই কল করতেন। কিন্তু ধরে না। ব্লক করত আগে, তিনি অন্য নম্বর নিয়ে আবারও কল দিতেন। এখন বেজে যায় ঠিক কিন্তু রিসিভ হয় না।

মনে হয় এই তো সেদিন, ছোট্ট দীপ্তকে তিনি প্রথমবার কোলে নিলেন। সেই ছেলে বিয়ে করেছে, তাকে জানায়নি পর্যন্ত কেউ। মোহসীন যে এভাবে তার উপরে প্রতিশোধ নেবে তিনি ভাবেননি। এর জন্যও তাকে ক্ষমা করবেন না।

ছেলের মনে কতটা বিষবাষ্প ভরে দিয়েছে লোকটা তাকে নিয়ে আজ ওর অভিব্যাক্তিতে তা স্পষ্ট।

যে রেগে ছিল, রাগের মাথায় খারাপ কিছু ঘটিয়ে না ফেলে, এরজন্য অনেক ভেবে তিনি লোকটাকে কল দিয়েছিলেন আজকের বিষয়টা বলতে সাথে কড়ায় গণ্ডায় হিসেব চাইতে। কিন্তু স্পর্ধা দেখিয়ে কল কেটে দিল মুখের উপরে।

তিনি ছেলের খারাপ কোনোদিন চান না, চাইবেনও না। হাজার হোক দীপ্ত তো তারই অংশ। তিনি সন্তানের খারাপ কী করে চাইবেন! এটা কেন ছেলেটা বুঝল না!

.........

Story Cover