তোমার নিমন্ত্রনে

পর্ব - ২৩

🟢

শ্রেয়সী তখনও একটা হাতে দীপ্তর পিঠে মাথায় হাতের স্পর্শে ওকে শান্ত করতে চাইছে। দীপ্ত ফুঁপিয়ে উঠছে নিঃশব্দ কান্নায়। শ্রেয়সীও নিশ্চুপ। নৈঃশব্দ্য জায়গা করে নিয়েছে ঘর জুড়ে। দীপ্তর ভীষণ ভালো লাগছে আলতো স্পর্শটুকু। যে স্পর্শে বন্ধুতা আছে, মায়া আছে, ভালোবাসা আছে, ভরসাও আছে।

ধীরে ধীরে ধাতস্থ হয়ে এলো দীপ্ত। সেই প্রথম নৈশব্দ ভাঙল, “হবে আমার তেমন বন্ধু?”

শ্রেয়সীর অভিমান হলো, এখনো ওকে বুঝতে পারল না! আলতো স্বরে বলল, “উত্তর পাওনি বুঝি? সব কথা মুক্তি বলে প্রকাশ করতে হবে?”

দীপ্ত শ্রেয়সীর দিকে আরও ঘেঁষে এসে বলল, “আমি ভয় পাই যে।”

“কীসের ভয়?”

“হারাবার।”

“কেন?”

দীপ্ত উত্তর দিতে পারল না। হৃদয় খুলে দিতে চাইলেও পুরোটা কি সে খুলতে পারবে! বিয়ের ব্যাপারে শুরুতে যে হঠকারিতার আশ্রয় নিয়েছিল, সেই কপটতা কি শ্রেয়সী ক্ষমা করতে পারবে!

“কেন, বললে না?”

“জানি না। তবে তোমার সাথে এই একটা মাস থাকতে থাকতে এটুকু বলতে পারি, তুমি আমার অভ্যাসে পরিণত হয়ে গেছ। তোমার সাথে একসাথে মুড়ি আর চা খেতে খেতে খেলা দেখা, মুভি দেখা, রান্না ঘরের খুঁনসুটি, তোমার আমাকে বুঝতে পারা সবকিছু কেমন যেন আমার ভীষণ আপন হয়ে গেছে। অপরিহার্য হয়ে গেছে তোমার সঙ্গ। প্রয়োজন এডজাস্ট করে নেয়া যায়, কিন্তু অপরিহার্য কিছুর এডজাস্টমেন্ট হয় না। তুমি কখনো আমাকে ছেড়ে গেলে আমার শ্বাস আটকে যাবে!”

শ্রেয়সী দীপ্তকে সরিয়ে উঠে বসল। তারপর ওকেও বসালো। শ্রেয়সী রেগে শুয়েছিল বলে জানালার পর্দা সরানো হয়নি। সেদিক থেকে আবছা চাঁদের আলো আসছে। তাতে দীপ্তকে দেখল সে। তারপর ওকে জড়িয়ে ধরল। এরপর বলল,

“তোমার কেন মনে হলো আমি চলে যাব? চলে যাবার জন্য আমি তোমার হাত ধরিনি। ভালোবেসে ধরেছি। ভালোবাসা এত ঠুনকো নয়।”

“তুমি রেগে নেই আর?”

শ্রেয়সী সরে এলো। কিছুক্ষণ আগের কথাগুলো মনে পড়ল। সাথে সাথে উত্তর দিল না। ওদিকে দীপ্ত কেমন অস্থির হয়ে উঠছে।

“রেগে আছি এখনো এটা সত্যি। তুমি আমাকে যা বলেছ তা ভীষণ অসম্মানজনক আমার জন্য। আমি সব সহ্য করে নিতে পারব, কিন্তু অসম্মান আর কপটতা আমি নিতে পারি না। দ্বিতীয়টা তোমার মধ্যে পাইনি। সম্পর্কে রেসপেক্ট জিনিসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আরেকটা হলো বিশ্বাস। এই দুটো জায়গায় আঘাত করো না। আমি কোত্থাও যাব না।”

এটুকু বলে দীপ্তর হাত নিজের হাতে জড়িয়ে শ্রেয়সী বলল, “কথা দিলাম।”

দীপ্ত ঘোরগ্রস্ত চোখে শ্রেয়সীকে দেখল কিছুক্ষণ। অপরাধবোধে পুড়ে সে বলল, “স্যরি।”

“স্যরি বলতে হয় এমন কিছু কোরো না প্লিজ। আমার কষ্ট হয়। আমি তোমাকে ভরসা করে তোমার সাথে নিজেকে জড়িয়ে নিয়েছি, তোমার শোক, সুখ সবকিছুর সাথেই। শেষ নিঃশ্বাস অব্দি থাকতে চাই।”

দীপ্ত বলতে চাইল, “তোমার ভরসা কখনো টলতে দেব না।” কিন্তু বলতে পারল কই! সে তো এখনো কপটতারই আশ্রয় নিল! ভরসা তো সে শুরুতেই ভেঙে রেখেছে। ওই সময়টা যদি মুছে ফেলা যেত! কী ছেলেমানুষি যে তখন মাথায় চেপেছিল। অথচ সে নিজেকে বলে সে নাকি অনেক পরিণত, ‘পারফেক্ট’। ভুল চিনেছিল নিজেকে।

সে এত কথা বলল, অথচ ‘ভালোবাসি’’ বলতে পারল না। মনে পড়ল ওর বাবা, মা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেছিল। ভালোবাসা ঠুনকো না হলেও অতটা মজবুত কী! তবুও সে আজ শ্রেয়সীকে হারাবার ভয় পেয়েছে। এটা তো ভালোবাসাই, সে তো ভালোবাসে, এটা উপলব্ধি করে, কিন্তু মুখে বলতে পারে কই! বললেই যদি ফিঁকে হয়ে যায় ভালোবাসার প্রগাঢ় রঙটা! বে-রঙিন ভালোবাসা বড্ড যাতনার। সে-ই যাতনা ওর সহ্যাতীত।

“আমি বাইরে যতটা গোছানো, ভেতরে ভেতরে ততটাই ভাঙাচোরা। তুমি আমাকে গড়ে পিটে নিও শ্রেয়সী। মানুষ তো যদি কখনো ভুল করি, আমাকে শুধরে দিও এভাবেই পাশে থেকে। আমি নতুন করে আর কোনো ভুল করব না।”

এই কথার নিগূঢ় তাৎপর্য শ্রেয়সী বুঝল না, সে আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা ধরে নিল।

শ্রেয়সী দীপ্তর চুল এলোমেলো করে দিয়ে বলল, “এবার একটু হাসো তো দেখি। এরকম দেবদাস দেবদাস লুকে তোমাকে মানাচ্ছে না। দেখতে পঁচা লাগছে। এমন দেখালে তোমার সিক্রেট এডমায়ারার হু হু করে কমে যাবে।”

গোমট পরিবেশ হালকা করার জন্য কথাটা বলল শ্রেয়সী, দীপ্ত বলল, “তুমি তো এটাই চাও।”

“আমি তো কত কিছুই চাই। সব তুমি বোঝো?”

দীপ্ত এবার স্মিত হাসল, “কী চাও শুনি?”

“তুমি দেবে কি-না সেটা বলো।”

“সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই দেব।”

শ্রেয়সী খিলখিল করে হেসে উঠল, সে-ই হাসি ছন্দ তুলল দীপ্তর কানে। সপ্তসুর যেন মিশে আছে সেই ছন্দে। হাসিতে যে এমন সুর আর ছন্দ থাকে তা দীপ্ত জানত না।

“ভয় পেয়ে গেলে? ভয় নেই, আকাশের চাঁদ চাইব না। তোমার সামর্থ্যের মধ্যেই চাইব।”

“এ্যাহ! আমি ভয় পাই নাকি! বলেই দেখো!”

“তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই। তোমার ছেলেবেলা তো আর ফিরে আসবে না। কিন্তু সামনে যে জীবনটা পড়ে আছে, সেখানে পুরনো দুঃসহ স্মৃতিকে স্থান দিও না। তোমাকে খুশি দেখলে বাবা ভীষণ আনন্দিত হন।”

খানিকটা থেমে দুষ্টু হেসে শ্রেয়সী আরও একটা শব্দ যোগ করল, “আমিও।”

দীপ্তর হাসি বিস্তৃত হলো, শ্রাবণের প্রকৃতির মতো এই আচমকা জমে উঠা ছোঁপ ছোঁপ কালো মেঘ সরে গিয়ে ওদের আকাশে কাশফুলের সাদায় আকাশে সাদা মেঘেরা হুটোপুটি খেতে শুরু করল। দীপ্ত উঠে গিয়ে জানালার পর্দা ঠিক করে দিল।

এই ঘর মান অভিমান সরিয়ে আরেকটা ভালোবাসা সিক্ত রাতের স্বাক্ষী হলো।

Story Cover